প্রদীপ ঘোষ, কলকাতা : ‘আমাকে আমার মত থাকতে দাও…’ কিংবা ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো…’কিংবা ‘জলছবি, রংমশাল স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু’ চল…’
তিনি সুর বদলে বাঁধলে, গলা খুললে উথাল হয় বাংলার সঙ্গীতপ্রেমীদের মন, হৃদয়। কিন্তু ক’জন জানেন সেই অনুপম রায় লিভারপুলের অন্ধ ভক্ত। প্রিমিয়ার লিগ সেরার শিরোপার গন্ধ পেয়ে আর পাঁচ জন ‘দ্য রেড’ ফ্যানাটিকের মতোই মোবাইলে চোখ রেখে বসেছিলেন শেষ মিনিট পর্যন্ত। ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পরেও অপেক্ষার শেষ হয়নি। লাইভ স্ট্রিমিংয়ে দেখছিলেন চেলসি বনাম ম্যান সিটি ম্যাচ। চেলসির জয় নিশ্চিত হতেই প্রতীক্ষার অবসান টলিউডের এই সময়ের অন্যতম সেরা গায়ক, সুরকারের। ড্রইংরুমে দাঁড়িয়ে হাত দুটো মুঠো করে ছুঁড়ে দিয়েছেন সালাহ, ফারমিনহোদের ভঙ্গিতে। অ্যানফিল্ড থেকে হাজার মাইল দূরে বসে প্রিয় ক্লাব লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ সেরার সেলিব্রেশন বাংলার অন্যতম সফল গায়ক, সুরকারের।
৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। অতিমারি করোনা ভাইরাস টলিয়ে দিয়েছে সমগ্র বিশ্বকে। সব খারাপের মধ্যেও লিভারপুলের লিগজয় রেডস সমর্থকদের কাছে যেন খুশির ঝিলিক নিয়ে এসেছে। লিভারপুলের লিগ জয়ে খুশিতে ভরপুর বাংলার গায়ক, সুরকার অনুপম রায়।
গায়ক অনুপম রায়ের ফুটবলের প্রতি ভালোবাসা অগাধ। ২০ বছর ধরে লিভারপুলের ডাই হার্ট ফ্যান। বৃহস্পতিবার রাতে চোখ রেখেছিলেন চেলসি-ম্যান সিটি ম্যাচে। সিটি হারতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। ফোনে গায়ক অনুপম রায় জানান, “মাইকেল আওয়েন, স্টিভেন জেরার্ডদের দেখেই লিভারপুলের প্রতি ভালোবাসা জন্মায়। প্রিয় দলকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখলেও কখনও লিগ জিততে দেখিনি। আজকের পর সেই আক্ষেপ ঘুচল।” একটু থেমে যোগ করলেন,”মাঝে বেশ কয়েকবার অল্পের জন্য ফসকে গিয়েছিল লিগ খেতাব। সুয়ারেজ যখন খেলত তখনও তীরে এসে তরী ডুবেছিল। চ্যাম্পিয়নস লাক সাথ দিচ্ছিল না। এবারও মরসুমের শুরু থেকে দাপুটে ফুটবল খেলছিলেন সালাহ-ভ্যান ডিকরা। আশা থাকলেও ভয় লাগছিল লাক ফ্যাক্টরে। অবশেষে ক্লপের দল লিগটা জিতে দেখিয়ে দিল। তবে জেরার্ড যদি লিগ জয়ের সাক্ষী থাকতে পারত তাহলে দ্বিগুণ খুশি হতাম।”
লিভারপুলের ডেরা অ্যানফিল্ডেও ঘুরে এসেছেন গায়ক অনুপম রায়। কথার মাঝেই মোবাইলে পুরনো সেই সব ছবি উল্টে পাল্টে দেখছিলেন। কে বলবে, লিভারপুলের অন্ধ ভক্ত এই মানুষটার গানে পাগল হয় বাংলার লাখো সঙ্গীতপ্রেমী। ভবিষ্যতে অনুপমের গান জুড়ে থাকবে তিন দশকের ব্যবধানে প্রিয় ক্লাবের ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা হওয়ার গল্প। শুক্রবার থেকেই সেটার কাউন্টডাউন শুরু হয়ে গেল। নিউজ১৮

