ছোট পর্দার তারকারা আগেই কাজে নেমে পড়েছেন। পিছিয়ে ছিলেন বড় পর্দার তারকারা। অবশেষে তাঁরাও কাজে ফিরেছেন। নতুন নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাচ্ছে তাঁদের। তালিকায় আছেন শাকিব খান, আরিফিন শুভ, অপু বিশ্বাস, শবনম বুবলী, সিয়াম আহমেদ, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মাহিয়া মাহি, পূজা চেরি প্রমুখ।
শিল্পীরা বলছেন, আস্তে আস্তে কাজের পরিবেশ তৈরি হচ্ছে। যদিও শঙ্কা আছে, তার মধ্যেও সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। হল খুলছে। এমন পরিস্থিতিতে নতুন নতুন সিনেমাও নির্মাণ শুরু হয়েছে। শিল্পীরাও ব্যস্ত হয়ে পড়েছেন শুটিংয়ে।
২৬ সেপ্টেম্বর বিএফডিসিতে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির সংলাপ অংশের সব কাজ শেষ করলেন শাকিব খান। এখন বাকি দুটি গানের শুটিং। ৩০ সেপ্টেম্বর থেকে জামালপুরের লোকেশনে ‘গলুই’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। শাকিব খান জানিয়েছেন, ‘গলুই’ ছবির কাজ টানা শেষ করবেন। এরপর ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিংয়ে ফিরবেন তিনি।
‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিংয়ের দীর্ঘ সময় পর গত মাসে নতুন ছবির শুটিং শুরু করেছেন আরিফিন শুভ। পাবনার লোকেশনে চলছে ‘নূর’ নামের ছবিটির শুটিং। জানালেন, আরও দুটি ছবির চিত্রনাট্য হাতে আছে। কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথে। যদি হয়, তাহলে ‘নূর’ ছবির শুটিং শেষ করেই নতুন ছবির কাজ শুরু হতে পারে।
কাজে ফিরেছেন সিয়াম আহমেদও। গত মাস থেকে ‘অন্তর্জাল’ ছবির শুটিং করছেন। ২০ অক্টোবর থেকে ‘বায়োপিক’ নামে নতুন আরেকটি ছবির শুটিং শুরুর কথা আছে। সিয়াম বলেন, ‘করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমার মানুষেরা। কাজের পরিবেশ তৈরি হচ্ছে। অনেকে কাজে নেমেছেন। নিজের কাছে ভালো লাগছে। তা ছাড়া কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে। কাজ শুরু হয়ে যাওয়াতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নিম্ন আয়ের মানুষেরা।’
গত মাসের শেষের দিকে ‘বুবুজান’ ছবির কাজ শেষ করে ‘নরসুন্দরী’ নামে নতুন ছবির কাজ শুরু করেছেন মাহিয়া মাহি।
গ্যাংস্টার ছবিতে অভিনয় করছেন সাইমন সাদিক। এই ছবি দিয়ে অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন সাইমন সাদিক। ২৫ সেপ্টেম্বর ছবিটির শুটিং শুরু হয়েছে। ২২ অক্টোবর সাইমনের ‘গ্যাংস্টার’ নামে আরেকটি ছবির বাকি অংশের শুটিং শুরু হবে। কাজে ফেরা প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘সিনেমার শুটিং হয় বড় আয়োজনে, সেটে মানুষ থাকে বেশি। এই বিষয়ের ওপর বেশি নিষেধাজ্ঞা ছিল করোনাকালে। ছোট পর্দার মানুষেরা টুকটাক কাজ করতে পারলেও, সিনেমার কাজ করা যায়নি। এ কারণে সিনেমার লোকজন খুব বিপাকে ছিলেন। তার মধ্যে আমিও একজন। শেষ পর্যন্ত কাজ শুরু করতে পেরেছি। আমি খুশি।’
২৬ সেপ্টেম্বর ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির সংলাপ অংশের কাজ শেষ করার পরের দিনই বাকি থাকা ‘তালাশ’ ছবির শুটিং শেষ করেন বুবলী। ৫ অক্টোবর ‘রিভেঞ্জ’ ছবির বাকি অংশের শুটিং করার কথা আছে। বুবলী বলেন, ‘কাজের মানুষ কাজ না থাকলে খারাপ লাগে। দীর্ঘদিন আমরা অবরুদ্ধ ছিলাম। এখন আস্তে আস্তে সবাই কাজে ফিরতে পারছি। মোটামুটি আমাদের অনেকেরই কাজের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ইন্ডাস্ট্রির শত শত মানুষের মুখে হাসি ফুটেছে।’
এদিকে মে মাসে ‘প্রেমপ্রীতি বন্ধন’ ছবির শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস। মধ্যে কিছুদিন বিরতি দিয়ে গত মাসের শেষের দিকে পাবনার পাকশীর লোকেশনে ছবির শেষ ধাপের শুটিংয়ে অংশ নিয়েছেন এই নায়িকা। জানালেন, এই কাজ শেষ করে নভেম্বর থেকে নতুন আরেকটি ছবির শুটিং শুরুর কথা আছে।
সম্প্রতি ‘হৃদিতা’ ছবির শুটিং শেষ করে ২৬ অক্টোবর ‘গলুই’ নামে নতুন ছবির শুটিং শুরু করেছেন পূজা চেরি। আরও বেশ কয়েকটি ছবির কাজের কথাবার্তা চলছে। পূজা জানালেন, ব্যস্ততা বাড়ছে। বলেন, ‘করোনার কারণে মনে হয়েছিল ২০২১ সালেও কাজ করতে পারব না। কিন্তু পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে এখন। কাজ শুরু করে দিয়েছি। নতুন নতুন কাজ হাতে আসছে। পছন্দের গল্প, চরিত্রে চুক্তিবদ্ধ হচ্ছি।’

