সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: অসমে ট্রাফিক পুলিশের ভার্চুয়াল কোর্ট এবং ই-চালান প্রকল্পের শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। বৃহস্পতিবার গুয়াহাটিতে অ্যাডমিস্ট্রেটিভ স্টাফ কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের ট্রাফিক ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আধুনিকীকরণের জন্য পুলিশ দফতরের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এতে সেন্ট্রালাইজ ট্র্যাকিং ব্যবস্থার অধীনে যানবাহন বিধি লঙ্ঘনকারীদের আদালতে না পাঠিয়ে ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আদায় করা সম্ভব হবে। এই পদ্ধতি আগের ম্যানুয়াল চালান ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল চালান প্রদানের ব্যবস্থা উপলব্ধ হবে। এর বলে যানবাহন ব্যবস্থাপনায় স্বচ্ছতার সূচনা করবে এবং সংগৃহীত অর্থ অটোম্যাটিক রাজ্যের কোষাগারে জমা হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রথমাবস্থায় এই অত্যাধুনিক ব্যবস্থাকে গুয়াহাটি মহানগরে পাইলট প্রজেক্ট হিসেবে এবং প্রথম দফায় রাজ্যের ১১টি জেলায় রূপায়ণ করা হবে।
আজকের অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ভার্চুয়াল ভাষণে বিচার ব্যবস্থায় প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে নানা বিষয়ে অবলোকন করেছেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি হৃষিকেশ রায়, গুয়াহাটি উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এন কোটেশ্বর সিং, গুয়াহাটি উচ্চ আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি মানসরঞ্জন পাঠক, গুয়াহাটি উচ্চ আদালতের দুই বিচারপতি যথাক্রমে জাস্টিস মনোজিত ভুইয়াঁ ও জাস্টিস সুমন শ্যাম।

