সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: দক্ষিণ অসমের বরাক উপত্যকার মিজোরাম সীমান্তের সর্বশেষ পরিস্থিতির পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। শনিবার দিশপুরে জনতা ভবনে মুখ্যমন্ত্রী তাঁর সরকারি সভাকক্ষে অসম-মিজোরাম সীমান্তের সর্বশেষ পরিস্থিতির পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্যসচিব, পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্তদের সঙ্গে।
পর্যালোচনা সভায় সীমান্ত সফর ফেরত মুখ্যসচিব জিষ্ণু বরুয়া সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত অবগত করিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এছাড়া পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিভাগের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেছেন তাঁকে।
সব শোনে অসম-মিজোরাম সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভ্রাতৃত্ববোধের বন্ধন অক্ষুণ্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে মুখ্যসচিব এবং পুলিশ-প্রধানকে বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আজকের পর্যালোচনা সভায় ছিলেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী, মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব পবন বরঠাকুর, অতিরিক্ত পুলিশ-প্রধান জিপি সিং, গৃহ দফতরের কমিশনার-সচিব জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠি প্রমুখ সাধারণ ও পুলিশ প্রশাসনের অন্য শীর্ষ আধিকারিকবর্গ।

