শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

আসামকে সরকারিভাবে ‘বন্যাক্রান্ত অঞ্চল’ ঘোষণার দাবী জানালো বিডিএফ

আসাম নিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় আসামের ২৮ টি জেলা আক্রান্ত হয়েছে । বন্যাক্রান্তের সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। এ যাবৎ মৃত্যু হয়েছে ১৩০ জনের। ক্ষয় ক্ষতি কত হতে পারে তা অনুমেয়। এই ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যকে বন্যাক্রান্ত অঞ্চল বলে সরকারিভাবে ঘোষণা করতে হবে বলে দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে এবারের বন্যার ভয়াবহতা অভুতপূর্ব। বরাক উপত্যকা তথা শিলচর গত একশ বছরে এরকম বন্যা দেখেনি। অন্যান্য জেলার অবস্থাও একই। যদি সরকার এস ডি আর এফ ,এনডিআরএফ, সেনাবাহিনী,বিমান বাহিনী সবাইকে বন্যার উদ্ধার ও ত্রাণকার্যে নিয়োগ করতে পারে তাহলে সরকারিভাবে এই রাজ্যকে বন্যাক্রান্ত ঘোষণা করতে আপত্তি কোথায়? তাই অবিলম্বে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হোক এবং আমরা দাবি জানাচ্ছি এরপর নিয়ম অনুযায়ী যে ব্যাক্তিগত স্তরে নাগরিকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।

প্রদীপ বাবু আরো বলেন যে বরাক উপত্যকায় এই বন্যা শুরুর আগে থেকে এযাবৎ প্রশাসনিক তৎপরতা ও উদ্ধারকার্য যে যথাযথ ছিলনা তা বোঝার জন্য বিশেষ কষ্ট করার দরকার নেই। শুধু সামাজিক মাধ্যমে চোখ রাখলে বা আম নাগরিকদের সাথে একটু কথা বললেই তা জলের মতো স্পষ্ট হয়ে যাবে।

তিনি বলেন এও হতে পারে স্থানীয় সাংসদ ,বিধায়ক,বা প্রশাসনিক আধিকারিকরা এই ব্যাপারে তাঁদের ব্যার্থতা ঢাকতে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝাচ্ছেন। তিনি আরো বলেন যে বেথুকান্দি বাঁধ কাঁটার ব্যাপার ঘটেছে ২০ দিন আগে। এ ব্যাপারে স্থানীয় জল সম্পদ তথা সেচ বিভাগের কর্তারা শুধু একটি মামলা করা ছাড়া কেনো কোন প্রতিরোধমূলক ব্যাবস্থা নেননি, কেনই বা প্রশাসন জনগনকে যথাসময়ে সতর্ক করেননি সেসব প্রশ্নের উত্তর চাই।

বিডিএফ আহ্বায়ক বলেন যে বরাকের বিভিন্ন অঞ্চল থেকে যদি স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রানে এগিয়ে না আসতেন তাহলে এই বিপর্যয়ের ফল অনেক মারাত্মক হত কারণ সরকারি সাহায্য প্রান্তিক জায়গায় একেবারেই পৌঁছয়নি। তিনি বলেন এই উপত্যকার যুবকরা যে মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় অপরিসীম ঝুঁকি ও শ্রম দিতে পারে তা দেখিয়ে দিয়েছে। তিনি বলেন একজন উপত্যকাবাসী হিসেবে এই যুবপ্রজন্মের জন্য আমি গর্ববোধ করছি এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রদীপ বাবু বলেন এবারের বন্যায় পরিকাঠামো গত যা ক্ষতি হল তা যত শীঘ্র সম্ভব মেরামত করা জরুরি। একই সাথে ভবিষ্যতে যাতে এমন বিপদ এড়ানো যায় তারজন্য যথার্থ পরিকল্পনা তথা পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে অবিলম্বে সচেষ্ট হবার আহ্বান জানিয়েছেন। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *