গুয়াহাটি (অসম): সরকারি বিভিন্ন পদে বাঙালিদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ চেয়েছেন সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থার (আকসা) প্রতিষ্ঠাতা তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায়। এ ব্যাপারে অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করে দত্তরায় বলেছেন, শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা করেছেন, এলপি এবং এমই স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। এক্ষেত্রে বরাক উপত্যকার যুবক-যুবতীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে গুরুত্ব প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রাক্তন ছাত্রনেতা প্রদীপ বলেন, সম্প্রতি প্রায় হাজারখানেক রাজ্য সরকারের বিভিন্ন পদে চাকরি হয়েছে। দেখা গেছে, বরাক উপত্যকার যুবক-যুবতীরা কোনও সুযোগ পাননি। স্বাস্থ্য দফতরে ৩০০টি পদে চাকরি হয়েছে, জল সম্পদ বিভাগে ২০০টি, এমন-কি কৃষি দফতরে ১৩৭ জনের চাকরি হয়েছে। অথচ এই সকল তালিকায় বরাক উপত্যকার একটি ছেলে বা মেয়েও স্থান পায়নি। তাই এমন বঞ্চনা চলতে থাকলে বরাকের যুবক-যুবতীরা হতাশাগ্রস্ত হয়ে উঠবেন। বরাকে শিক্ষিত বেকারের সংখ্যা দেড় লক্ষেরও বেশি। ইঞ্জিনিয়ারিং, এমএ, বিএ পাশ করে পর্যাপ্ত যোগ্যতা নিয়ে তারা ঘরে বসে দিন কাটাচ্ছেন এই সকল বেকার। তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে এ ব্যাপারে গুরুত্ব প্রদান করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রদীপ বলেন, বরাক উপত্যকার যোগ্য প্রার্থীদের যোগ্যতার নিরিখেই সুযোগ প্রদানের দাবি জানাচ্ছেন তিনি। বলেন, রাজ্যের মোট জনসংখ্যার ৩০ শতাংশ বাঙালি রয়েছেন। এই অনুপাতের নিরিখে সরকারি চাকরির ক্ষেত্রে অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের প্রাসঙ্গিক দাবির কথাও তুলে ধরে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন প্রদীপ দত্তরায়। হিন্দুস্থান সমাচার / বিশু / এসকেডি

