সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: অসমে করোনা ভাইরাসে সংক্ৰমিতের হার যথেষ্ট হ্ৰাস পাচ্ছে। রাজ্যে আজ মঙ্গলবার নতুন ৩৭৯ জন করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন। এঁদের মধ্যে ১১৫ জনই কামরূপ মহানগর জেলার। পরীক্ষার তুলনায় সক্ৰিয় আক্ৰান্তের হার ১.৩১ শতাংশ। আজ রাতে টুইট করে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এদিকে এই সময়কালে ৪৭৩ জন করোনা আক্ৰান্ত রোগী সুস্থ হলে তাঁদের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সুখকর খবর, অসমে করোনা থেকে আরোগ্য লাভের হার ৯৫.৫০ শতাংশ।
রাজ্যে করোনা সংক্ৰমণের সামগ্ৰিক স্থিতি কিছু উন্নত হলেও এই রোগে মৃত্যুর ধারা অব্যাহত আছে। আজ রাত পৰ্যন্ত আরও দুজন করোনাষ় আক্ৰান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁদের নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৩৪ জনে বৃদ্ধি পেয়েছে, টুইটবার্তায় জানান স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অসমে আজ মোট ২৮,৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে নতুন ৩৭৯ জনকে করোনায় আক্ৰান্ত বলে শনাক্ত করা হয়েছে। রাজ্যে পরীক্ষার তুলনায় আজ সক্ৰিয় আক্ৰান্তের হার ১.৩১ শতাংশ। গতকাল সোমবার এই হার ছিল ১.৫৩ শতাংশ। নতুন আক্ৰান্তদের নিয়ে অসমে মোট করোনা সংক্ৰমিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২,০৭,৩৬১। এছাড়া সক্ৰিয় কোভিড পজিটিভ রোগী ৮,৩৮৫ জনের চিকিত্সা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চলছে। অন্যদিকে আজ পর্যন্ত চিকিত্সার পর সম্পূৰ্ণ সূস্থ হয়েছেন ১,৯৮,০৩৯ জন। সেই হিসাবে অসমে আরোগ্য লাভের হার ৯৫.৫০ শতাংশ এবং সক্ৰিয় আক্ৰান্তের হার ৪.০৪ শতাংশ। মৃত্যুর হার ০.৪৫ শতাংশ, জানান স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার অসমে আরও যে দুজন মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা। করোনায় মৃত্যু হয়েছে কামরূপ মহানগর জেলার উত্সবচন্দ্ৰ ডেকা (৬০) এবং বিশ্বনাথ জেলার রবীন দাস (৬২)-এর।

