গুয়াহাটি: সারা অসং ছাত্র সংস্থা (আসু) এবং অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ (অজাযুছাপ)-এর যৌথ উদ্যোগে নয়া রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। নয়া দল গঠনের জন্য পরামৰ্শদাতা কমিটির সিদ্ধান্তমূলক প্ৰতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য আহ্বায়ক ড. কৃষ্ণগোপাল ভট্টাচার্য এবং বসন্ত ডেকাকে। নতুন আঞ্চলিক দলের নাম আগামী ১৫ সেপ্টেম্বর ঘোষণার পাশাপাশি গঠন করা হবে পূর্ণাঙ্গ কমিটি।
আসু ও অজাযুছাপ-এর উদ্যোগে অসমে বিকল্প রাজনৈতিক দল গঠনের পরামৰ্শদাতা কমিটির সিদ্ধান্তের প্ৰতিবেদন তৈরির দায়িত্ব অর্পণ করা হয়েছে মুখ্য আহ্বায়ক ড. কৃষ্ণগোপাল ভট্টাচার্য এবং বসন্ত ডেকার ওপর। এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন দল গঠনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ওইদিন ঘোষণা করা হবে অসমের তৃতীয় শক্তি নতুন রাজনৈতিক দলের নাম সমেত পূর্ণাঙ্গ কমিটি।
আজ শুক্রবার হোটেল প্ৰাগ কন্টিনেন্টালে নতুন রাজনৈতিক দল গঠনের পূৰ্ণাঙ্গ কমিটি গঠন প্ৰক্ৰিয়া শুরু করার কথা ঘোষণা করেন আসু এবং অজাযুছাপ নেতৃত্ব। এর পর সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দিয়েছেন আসু সভাপতি দীপাংক নাথ। অবশ্য, সারা অসম ছাত্ৰ সংস্থার নেতৃত্বে অরাজনৈতিক কার্যকলাপকে অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক কাজকর্ম এগিয়ে নেওয়া হবে বলে দাবি করেন তিনি। জানান, আজ থেকে নতুন রাজনৈতিক দল গঠন ও পূৰ্ণাঙ্গ কমিটি গঠন প্ৰক্ৰিয়া শুরু হবে। পরামৰ্শদাতা সমিতির রাজনৈতিক দিকসমূহ উল্লেখ করেন দীপাংক। তিনি বলেন, প্ৰগতিশীল আঞ্চলিক রাজনীতিতে গুরুত্ব প্ৰদান করবে এই পরামৰ্শদাতা কমিটি।
দীপাংক নাথের দাবি, রাজ্যের বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর সমন্বয় এবং সহযোগিতায় তাঁদের প্রস্তাবিত নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। ‘অসম চুক্তির অসংগতিগুলি দূর করার লক্ষ্য নিয়ে নতুন আঞ্চলিকতাবাদী দল গঠন পর্ব সম্পন্ন করা হবে। নতুন দলের কর্মসূচির মূলমন্ত্ৰ হবে ‘অসম প্ৰথম, সর্বক্ষণ এবং চিরদিন’, জানান দীপাংক নাথ।
এদিকে, অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের সাধারণ সম্পাদক পলাশ চাংমাই বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (কা) বিরোধী আন্দোলনের সময় আৰ্থ-সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্র সবল করতে বিকল্প রাজনৈতিক দল গঠনের চৰ্চা শুরু হয়েছিল। পরামৰ্শদাতা কমিটি তৃতীয় বিকল্প রাজনৈতিক শক্তি প্ৰকৃতাৰ্থে অসমের জাতীয় সমস্যা বা অমীমাংসিত সমস্যাবলি সমাধানে সক্ষম হবে বলে মত পোষণ করেন চাংমাই।
আসুর সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈ বলেন, ‘বিগত দিনে ক্ষমতাকেন্দ্ৰিক রাজনীতি করতে গিয়ে অসমের জাতীয় স্বাৰ্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। তাই অসমের জনগণের প্ৰগতিশীল রাজনৈতিক দিকসমূহের অগ্রগতির বিষয় সামনে রেখে শক্তিশালী নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আসু-র সাধারণ অধিবেশনে সভাপতি দীপাংক নাথ এবং সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈ নিজের দায়িত্বভার অৰ্পণ করবেন। তার পরই প্ৰস্তাবিত নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাঁরা শামিল হবেন বলে ভেবেছেন তাঁরা। এছাড়া, অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের সাধারণ সম্পাদক পলাশ চাংমাইও নতুন রাজনৈতিক দলে শামিল হবেন বলে জানা গেছে। বিশু / এসকেডি / অরবিন্দ

