শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

ইন্দোনেশিয়ায় ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের নাফিসা

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন অনুমোদিত টুর্নামেন্ট গ্রাঁ প্রিতে মেয়েদের ১০মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের নাফিসা তাবাসসুম। আজ জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাফিসা তৃতীয় ধাপে গিয়ে পদক জেতেন।

চতুর্থ ধাপে উঠতে পারলে সোনার লড়াইয়ে থাকতে পারতেন নাফিসা। কিন্তু তার আগেই বাদ পড়েন গত বছর বাংলাদেশ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী এই শুটার।

শেষ ধাপ পর্যন্ত টিকে থেকে রোমানিয়ার লরা জর্জেলা হয়েছেন প্রথম। আন্তর্জাতিক শুটিংয়ে নতুন নিয়ম অনুযায়ী ফাইনালে লরার স্কোর ৪৯। ৪৫.৫ স্কোর করে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার সালসাবেলা খায়রুন্নেসা। বাংলাদেশের নাফিসার স্কোর ৩৭।

শুটিংয়ে আগে পদকের লড়াইয়ে শীর্ষ আটজন ফাইনালে খেলতেন। নতুন নিয়মে চারজন করে দুটি সেমিফাইনাল হচ্ছে। ওই দুই সেমিফাইনালের শীর্ষ চারজন খেলেন ফাইনালে। অর্থাৎ পদকের লড়াইয়ে থাকেন চারজন। সেই লড়াইয়ে ১০ নম্বর শটের চতুর্থজন বাদ পড়েন। ইন্দোনেশিয়ার এই প্রতিযোগিতায় চতুর্থ হওয়া সিঙ্গাপুরের শুটারের স্কোর ১৩ দশমিক ৫।

১৫ নম্বর শটে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাদ পড়েন বাংলাদেশের নাফিসা। এরপর সোনার লড়াই শুরু। প্রতিযোগিতায় বাংলাদেশের সাজিদা হক বাদ পড়েন সেমিফাইনাল থেকে। তার আগে বাছাই-ই পার হতে পারেননি আতকিয়া হাসান।

নাফিসার কল্যাণে মেয়েদের এয়ার রাইফেলে একটি পদক এলেও ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফল আশাব্যঞ্জক নয়। সেমিফাইনাল থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শোভন চৌধুরী ও রাব্বি হাসান। আটজনের মধ্যে শোভন হয়েছেন পঞ্চম, রাব্বি ষষ্ঠ। দ্বিতীয় রাউন্ড থেকে তাঁরা বাদ পড়েন। তৃতীয় রাউন্ডে উঠলে পদকের সম্ভাবনা থাকত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *