প্রতিনিধি, টেকনাফ: কক্সবাজারের উখিয়া উপজেলায় আজিমুদ্দিন (৩৫) নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারে উল্লিখিত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শুক্রবার রাতে উখিয়া আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি বলেন, গতকাল রাতে সংশ্লিষ্ট আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে এজাহারে উল্লিখিত ৪, ৫ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তার আসামিরা হলেন ক্যাম্প-১৯-এর এ-৮ ব্লকের মৃত মো. সলিমের ছেলে মো. হাসিম (৪০), ক্যাম্প-১৬-এর ডি-৬ ব্লকের আবদুল হাকিমের ছেলে মো. জাবের (৩২) ও একই ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত আবুল কাসিমের ছেলে মো. ইলিয়াছ (৪০)। তাঁরা সবাই ২০১৭ সালের আগস্টের পর বাংলাদেশে এসেছেন।
এর আগে গতকাল বিকেলে নিহত আজিমুদ্দিনের স্ত্রী সমজিদা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রহিম উল্লাহ ওরফে মুসার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উখিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা আশ্রয়শিবিরে আজিমুদ্দিন (৩৫) নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। তাদের হামলায় সৈয়দ করিম ও রহিমুল্লাহ নামের আরও দুজন রোহিঙ্গা শরণার্থী গুরুতর আহত হন। বতর্মানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

