স্পোর্টস ডেস্ক: করোনা বাদ না সাধলে হয়তো আগেই অনুষ্ঠিত হয়ে যেত। ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষভাবে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান। যেখানে গান পরিবেশন করার কথা ছিল বর্তমান সময়ে উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ সংগীতজ্ঞ এ আর রহমানের।
করোনার ভয়াল থাবায় বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের যে প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল সেটা আয়োজন করা সম্ভব হয়নি।
তবে ভেতরের খবর, এবার স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাস মার্চে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষভাবে সেই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে ঢাকায়। যেখানে ভারতের বিখ্যাত শিল্পী এ আর রহমানেরই গান পরিবেশন করার কথা রয়েছে।
বিসিবি ও সিসিডিএমের উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্রে জানা গেছে, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত সেই সঙ্গীত পরিবেশনসহ কনসার্ট করবেন এ আর রহমান।
কনসার্টের কারণে তখন দু’দিন মিরপুরের হোম অব ক্রিকেটে প্রিমিয়ার লীগের খেলা বন্ধ থাকতে পারে।
এ ব্যাপারে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এ আর রহমানের কনসার্টের কারণে শেরে বাংলায় দুদিন প্রিমিয়ার লীগের খেলা বন্ধ থাকবে কি না।
তবে তিনি যোগ করেন, ‘সম্ভাবনা আছে। সে কারণেই যে ২৫ ও ২৬ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লীগ বন্ধ থাকবে’ তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

