জয়নুল আবেদীন, লন্ডন: বিলেতের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ)’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান, সুইংডনের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় সুইংডনের গ্রেইট ওয়েস্টার্ন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম এনামুল হক চৌধুরী যুক্তরাজ্যের উইলশায়ারের রয়েল উটন বাসেট এলাকার পাশের শহর সুইংডনে বসবাস করতেন। তিনি শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমুল উলুম ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ছিলেন। এছাড়া সুইংডন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি, সুইংডন মসজিদের ট্রাস্টি, খাদেম পরিষদের সেক্রেটারি, সুইংডন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি ও লণ্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য ছিলেন।

জকিগঞ্জের কৃতিসন্তান ক্যাটারার্স নেতা এনামুল হক চৌধুরীর মৃত্যুতে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম এনাম চৌধুরী অত্যন্ত বিনয়ী ও ভাল মনের মানুষ ছিলেন। তার ইন্তেকালে যুক্তরাজ্যের জকিগঞ্জ তথা বাংলাদেশি কমিউনিটি একজন গুণীজনকে হারালেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

