৪১ বছর পর অলিম্পিকের হকি থেকে পদক জিতেছে ভারত। টোকিও গেমসে ব্রোঞ্জ জিতেছে দেশের পুরুষ হকি দল। পদক জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে ভারতের মহিলা হকি দলকে। ইতিহাস রচনা করছেন রানি রামপালরাও। সেই সাফল্যের স্বীকৃতি স্বরূপ দুই দলের হয়ে টোকিও অলিম্পিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া রাজ্যের পুরুষ ও মহিলা হকি তারকাদের হাতে আর্থিক পুরস্কার তুলে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। যদিও তাঁকেই ভারতীয় হকির সাফল্যে নেপথ্য নায়ক হিসেবে দেখছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
ওড়িশা থেকে টোকিও অলিম্পিকের হকি অভিযানে ছিলেন যে পুরুষ তারকারা-
টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের হয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে ওড়িশার যে দুই মুখ বড় ভূমিকা পালন করেছেন, তাঁরা হলেন বীরেন্দ্র লাকরা ও অমিত রুইদাস। তাঁদের হাতে সংবর্ধনা সূচক স্মারক তুলে দেন নবীন পট্টনায়ক। সেই টোকিও গেমসের সাফল্যের স্বীকৃতি হিসেবে দুই তারকার হাতে ২.৫ টাকার আর্থিক পুরস্কার তুলে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হওয়া লাকরা ও রুইদাসের হাতে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশের নিয়োগপত্রও তুলে দেন নবীন। ভারতকে গর্বিত ওড়িশার দুই হকি তারকার প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী। নিজেদের আনুগত্য প্রকাশ করে নবীন পট্টনায়কের হাতে ভারতীয় হকি দলের জার্সি তুলে দেন বীরেন্দ্র লাকরা ও অমিত রুইদাস।
মহিলাদের সংবর্ধনা জানালেন নবীন-
টোকিও গেমসের প্রেক্ষাপটে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করে ভারতের মহিলা হকি দল। শেষ চারের লড়াইয়ে আর্জেন্তিনা ও ব্রোঞ্জ পদকের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হেরে গেলেও ওমেন ইন ব্লুদের লড়াই প্রশংসীত হয়েছে সব মহলে। সেই লড়াকু দলের প্রধান দুই সদস্য দীপ গ্রেস এক্কা ও নমিতা টোপ্পোকে সংবর্ধনা জানালেন নবীন পট্টনায়ক। রাজ্যের দুই মহিলা হকি তারকার হাতে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
মেন ইন ব্লুদের ইতিহাস-
১৯৮০ সালে অলিম্পিক থেকে শেষবার পদক জিতেছিল ভারতীয় হকি দল। সেবার স্পেনকে হারিয়ে সোনা জিতেছিল মেন ইন ব্লু। আট বছর আগে অলিম্পিকে ব্রোঞ্জও জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। ২০১৬ সালের রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছেও হেরে গিয়েছিল শ্রীজেশরা। তবে টোকিও গেমসে সেই সুযোগ হাতছাড়া করেননি মনপ্রীত সিংরা। ৪১ বছর পর অলিম্পিকের শেষ চারে পৌঁছে ইতিহাস তৈরি করে ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপ স্তরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ গোল হজম করার পরেও মেন ইন ব্লুদের ঐতিহাসিক প্রত্যাবর্তন দেখে মুগ্ধ হয়েছিল বিশ্ব। টোকিও গেমসের শেষ চারের লড়াইয়ে বেলজিয়ামের কাছে পরাজিত হলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারায় ভারত।
নায়ক নবীন পট্টনায়ক-
শোনা যায় স্কুলে পড়ার সময় হকি খেলতেন নবীন পট্টনায়ক। সেই ভালোবাসা থেকেই ২০১৮ সালে আচমকা স্পনসরহীন হয়ে যাওয়া ভারতীয় হকি দলের পাশে দাঁড়িয়েছিল ওড়িশা সরকার। দেশের পুরুষ ও মহিলা হকি দলের স্পনসর হওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পট্টনায়ক। দুই দলের আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছিল নবীনের ওড়িশা সরকার। রাজ্যের নিচু স্তর থেকে প্রতিভা তুলে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ২০১৮ সালে নবীন পট্টনায়কের রাজ্যেই হকির বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই পদক্ষেপও ভারতীয় হকির পুনরুদ্ধারে বড় ভূমিকা নেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

