থেমে নেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা। তবে আগের মাসের তুলনায় এসব ঘটনা কমেছে। বিদায়ী আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮ জন। এর আগের মাসে এই হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৪১টি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংগঠনটি নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে থাকে। দেশের জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে এমএসএফ।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা, গ্রেফতার, হয়রানি, সীমান্তে হত্যা-নির্যাতন, নাগরিকদের স্বাস্থ্যসেবা লাভের অধিকারের লঙ্ঘন, দুর্নীতি এবং সর্বোপরি নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে ঘটে চলেছে।
এতে আরও বলা হয়েছে, আগস্ট মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৮ জন। যার মধ্যে কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন। যদিও জুলাই মাসে এ সংখ্যা ছিল ৪১ জন। জুলাই মাসের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমলেও এ মাসে ক্রসফায়ারের ভয় দেখানো ও চাঁদাবাজিসংক্রান্ত অভিযোগে পুলিশের বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে। এ ছাড়া আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুজনের মৃত্যু, একজনকে নির্যাতন ও সাতজনকে হয়রানি করার ঘটনা ঘটেছে। জুলাই মাসে থানাহাজতে একজনের মৃত্যুসহ আটটি ঘটনা ঘটেছিল। নারায়ণগঞ্জে ‘মৃত’ কিশোরীর ৫১ দিন পর ফিরে আসার ঘটনাকে নীতিনির্ধারকদের গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত জানিয়ে সংগঠনটি বলেছে, অন্যথায় পুলিশের দেওয়া কোনো তথ্য বা বক্তব্যই আর মানুষের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমলেও আগস্টে নারী ও শিশু নির্যাতন বেড়েছে- এমন দাবি করে সংগঠনটি বলছে, এ সময়ে ২১১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যার মধ্যে ধর্ষণের ঘটনা ৮৬টি। যদিও জুলাই মাসে ১৭২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল। এ ছাড়া আগস্ট মাসে ৬৩ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যার মধ্যে ছয়জন শিশু ও ৫৭ জন নারী। তবে জুলাই মাসে হত্যাকাণ্ডের শিকার নারী ও শিশুর সংখ্যা ছিল ৩৩ জন। এ সময়ে ১৯ জন নারী ও কিশোরী আত্মহত্যা করেছে।
প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১৫ জন সাংবাদিক নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই মাসে ১২ সাংবাদিক নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেছে তারা। ডিজিটাল নিরাপত্তা আইনে আগস্ট মাসে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই এ সংখ্যা ছিল পাঁচজন। এ ছাড়া অপহরণ ও গুমের ঘটনার কথাও জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।
আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ও নির্যাতনে পাঁচজন বাংলাদেশি নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে। যদিও জুলাই মাসে এ সংখ্যা ছিল সাতজন।

