ভক্তদের আশা পূরণ করে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। করোনা প্রটোকল মেনেই এ বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে আগামি ৩০ জুন। চলবে ৪৩ দিন। এবং ঐতিহ্য মেনে রাখিবন্ধনের দিনই যাত্রার সমাপ্তি ঘটবে বলেও জানানো হয়।রবিবার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেন ৪৩ দিনের পবিত্র তীর্থযাত্রা শুরু হবে ৩০ জুন।ভক্তদের জন্যে সুখবর তো বটেই।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠকের পর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইট করেন, ‘অমরনাথ যাত্রা নিয়ে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠক হল। বৈঠকে ঠিক হয়েছে টানা ৪৩ দিনের যাত্রা শুরু হবে ৩০ জুন। মেনে চলতে হবে করোনা প্রটোকল। যাত্রা নিয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে।’ অমরনাথ যাত্রার খবরের অপেক্ষায় থাকা লোকেরা স্বাভাবিকভাবেই আনন্দিত হয়ে উঠেছেন এই খবরে।
প্রসঙ্গত, অমরনাথ যাত্রার গাইডলাইন্স অনুযায়ী অমরনাথ যাত্রার জন্য ১৬ থেকে ৬৫ বছরের মানুষরা অনুমতি পাবেন। আর এই যাত্রার জন্য ২০২২ -র জন্য মেডিক্যাল সার্টিফিকেট জরুরি৷ যাত্রীদের জন্য ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হবে৷
উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে মাঝপথে বাতিল হয়ে যায় পবিত্র এই অমরনাথ যাত্রা। আর এদিকে, গত ২ বছর মহামারি করোনার জন্যে প্রতীকীভাবে পালন করা হয় অমরনাথ যাত্রা। তবে এবার সুখবরটি এল। যদিও সবধরনের সাবধানতা মেনেই হবে অমরনাথ যাত্রা।
জানিয়ে রাখা প্রয়োজন যে, অসংখ্য মানুষ এই যাত্রার জন্য পথ চেয়ে অপেক্ষায় থাকেন। এই যাত্রা হিন্দু ধর্মস্থানে পৌঁছনোর জন্য অন্যতম কঠিন যাত্রা৷ অমরনাথ যাত্রার চড়াই রাস্তা পেরোতে হয়৷ একটি রাস্তা পহেলগাঁও হয়ে যায় আর একটি রাস্তা বালদাল হয়ে যায়৷ আবার এই দুই অমরনাথ যাওয়ার রাস্তা আতঙ্কবাদীদের নজরে থাকে৷ ফলে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা হয়। অমরনাথ যাত্রার আগে এই রাস্তায় বাড়তি নজরদারি লাগানো হয়৷
দক্ষিণ কাশ্মীরে হিমালয়ের কোলে, অমরনাথ গুহায় তুষার শিবলিঙ্গের দর্শন পাওয়ার জন্যে প্রত্যেক বছর কয়েক লক্ষ হিন্দু পূণ্যার্থী চড়াই উতরাই পেরিয়ে কৃচ্ছ সাধনা করে ৩ হাজার ৮৮০ মিটার উঁচুতে পৌঁছে যান।

