কমিউনিটি নিউজ ডেস্ক: জাতীয় উদযাপনের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে নিয়ে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে ‘পদ্মা সেতু উদ্বোধন’ উদযাপন করেছে নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।
স্থানীয় সময় বেলা ১২ টায় মিশনস্থ বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পদ্মা সেতুর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু হয় এ উদযাপন অনুষ্ঠান। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। এটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক। আমাদের জাতীয় জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত।
রাষ্ট্রদূত বলেন, পদ্মা সেতু বাংলাদেশের অহংকার, গৌরব ও সক্ষমতার প্রতীক। কারণ, এটি নির্মিত হয়েছে নিজস্ব অর্থায়নে। এ অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অগ্রযাত্রায় দেশ আরও একধাপ এগিয়ে গেলো। আর এর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে।
অনুষ্ঠানে পদ্মা সেতুর ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি এবং প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের ভিডিও প্রদর্শন করা হয়।

