শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত ১৪৪৯, ছ’জনের মৃত্যু

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৪৯ জন।

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: বিগত ছ’দিন ধরে রাজ্যে দৈনিক আক্রান্ত দু’হাজারের উপর থাকলেও সোমবার তা এক ধাক্কায় দেড় হাজারের নীচে নেমে এল। সংক্রমণের হারও খানিক কমেছে রবিবারের তুলনায়। তবে মৃত্যু পাঁচের উপরেই রয়েছে। চিকিৎসকের মহলের বক্তব্য, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে বাড়ছিল, একই ভাবে এ বারও ওঠা-নামার মধ্যে দিয়েই সংক্রমণ বাড়তে পারে রাজ্যে। তাই, এর পর দৈনিক আক্রান্ত কমলেও উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলেই মনে করছেন তাঁরা। কারণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষাও ১৫ হাজার থেকে নেমে আট হাজারে নেমে এসেছে। উদ্বেগের আরও একটি কারণ, দৈনিক সংক্রমণের হার ১৫ শতাংশের উপরে রয়েছে। সে দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে অক্ষরে অক্ষরে কোভিডবিধি পালনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। গত ২৪ ঘণ্টায় ছ’জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৪৯ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৭২ হাজার ৩০৭ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতা ও উত্তর ২৪ পরগনার অধিবাসী। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ওই তিন জেলার কোভিড পরিস্থিতিও প্রশাসনের নজরে রয়েছে। সংক্রমণ বাড়তে শুরু করেছে পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূমেও।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮২ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৮ হাজার ৫৭৩ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ১৬.৯০ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে ২৯ হাজার ৫৮৩।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *