শিরোনাম
শনি. ফেব্রু ৭, ২০২৬

পিট পেটাতেন, অভিযোগ জোলির, সাক্ষ্য বড় ছেলের

খেপেছেন অ্যাঞ্জেলিনা জোলি। নীরবতা অনেক হয়েছে। সন্তানদের অভিভাবকত্ব পেতে মরিয়া এই হলিউড তারকা এবার প্রকাশ্যে আনলেন এত দিন গোপন রাখা কিছু কঠিন সত্য। আদালতে গিয়ে জানালেন, সাবেক স্বামী ও হলিউড তারকা ব্র্যাড পিট তাঁকে নির্যাতন করতেন।

৪৫ বছর বয়সী জোলি জানান, প্রায়ই বাড়ি ফিরে পিট তাঁকে পেটাতেন। আর এসব ঘটত সন্তানদের সামনেই। প্রয়োজনে তাঁর সন্তানেরা এ বিষয়ে সাক্ষ্য দেবে! এক দিনের ব্যবধানে জোলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। জোলির অভিযোগ আর ম্যাডক্সের বিবৃতি দুটোই নিশ্চিত করেছে দ্য ইনসাইডার এবং ইয়াহু। জোলির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে দ্য ইনসাইডার লিখেছে, জোলি অভিযোগ জানানোর পরদিনই ম্যাডক্স তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এসেছে। এমনকি ম্যাডক্স তার নাম ‘ম্যাডক্স জোলি পিট’ থেকে ‘পিট’ বাদ দিয়েছে। কোথাও সে ‘পিট’ লেখে না। তার নাম এখন শুধুই ম্যাডক্স জোলি। আর পিটকে নামের শেষাংশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের। এ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই তদন্তে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এসব পটভূমি। অন্যদিকে মারাত্মক সব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা ব্র্যাড পিট। সন্তানদের না দেখতে পেয়ে তিনি নাকি খুবই মনঃকষ্টে আছেন।

২০০৬ সালে প্রথমবারের মতো পিট-জোলি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। ২০১৪ সালের ২৩ আগস্ট ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা হয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’। আর ২০১৬ সালে জোলি আদালতে বিচ্ছেদের আবেদন করেন। দুই বছরের মাথায় ভেঙে যায় তাঁদের দাম্পত্যজীবন। ২০১৯ সালের ১২ এপ্রিল কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ হয়।

অ্যাঞ্জেলিনা ও পিটের তিন সন্তান। শিলোহ এবং যমজ ভিভিয়েন ও নক্স। জোলির দত্তক নেওয়া আরও তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। এই ছয় সন্তান আর মামলা নিয়েই আছেন জোলি। আপাতত অভিনয়, পরিচালনা, লেখালেখি সব যেন শিকেয় উঠেছে তাঁর।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *