শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

পুলিশের পদোন্নতি, ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, ২০০ ডব্লুবিসিএস, ডব্লুবিপিএস নিয়োগ

এ বার রাজ্যের পুলিশ আধিকারিকদের সুবিধা-অসুবিধার উপর সবিশেষ নজর দিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মমতা এই লক্ষ্যে একাধিক ঘোষণা করেন।

পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক: কাজ বাড়ছে, চাই আরও দক্ষ আধিকারিক। রাজ্য সরকার আরও ২০০ জন করে ডব্লুবিপিএস এবং ডব্লুবিসিএস আধিকারিক নিয়োগ করবে। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, ৬ জন ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) পদমর্যাদার আধিকারিককে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং ৬ জন অ্যাডিশনাল পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হচ্ছে। পাশাপাশি, ডব্লুবিপিএস আধিকারিকদের জন্য পৃথক ফোরামের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সর্বভারতীয় ক্যাডারের আধিকারিক অর্থাৎ আইএএস, আইপিএস-দের পাশাপাশি এ বার রাজ্য ক্যাডারের পুলিশ আধিকারিক অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের দিকেও সবিশেষ নজর দিলেন মুখ্যমন্ত্রী। সরকার যে এ বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবছে তা আগেই তিনি জানিয়েছিলেন। বৃহস্পতিবার তারই আনুষ্ঠানিক ঘোষণা করলেন।

মমতা জানান, বাংলার পুলিশ সার্ভিসের অফিসারদের কর্মদক্ষতার স্বীকৃতি দিতে পদোন্নতি, ভাতা বৃদ্ধি-সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ডব্লুবিপিএস অফিসারেরা কর্মজীবনের অষ্টম, ষোড়শ, ২৫ তম বর্ষে পদোন্নতি পাবেন। সেই সময় এক লপ্তে দুটি ইনক্রিমেন্টের অর্থ দেওয়া হবে তাঁদের। পাশাপাশি এ বার থেকে এএসপি ও এসডিপিও-রাও আইপিএসদের মতো বিশেষ ভাতা পাবেন। এএসপি-রা পাবেন মাসিক আড়াই হাজার টাকা এবং এসডিপিও-রা পাবেন মাসিক দু’হাজার টাকা। এছাড়া পুলিশের উর্দির জন্যও ভাতা বাৎসরিক ২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চল্লিশোর্ধ আধিকারিকরা বছরে এক বার করে বাধ্যতামূলক ভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাবেন বলেও নির্দেশ দিয়েছেন মমতা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *