শিরোনাম
শুক্র. মার্চ ২০, ২০২৬

প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষে মর্টার এসে পড়েছে ইরানে

ইরানের উত্তরের থাকা দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়া সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আর তার জেরে ইরানের ভূখণ্ডে এসে পড়ছে মর্টার।কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে‌ বিবাদ চলছে আজারবাইজান এবং আর্মেনিয়ান মধ্যে। সেই বিবাদের জন্য দুই দেশ একে অপরের অবস্থানে গুলি ও মর্টার নিক্ষেপ করছে।

এই পরিস্থিতিতে তিনটি মর্টার এসে পড়েছে ইরানে।সীমান্তবর্তী ‘খোদা অফারিন’ জেলায় এই সব মর্টার এসে পড়েছে বলে সেখানকার গভর্নর আলী আমিরি রাজ সোমবার জানিয়েছেন।তিনি দাবি করেছেন, তিনটি মর্টারের মধ্যে দু’টি কৃষিক্ষেত্রে এসে পড়ে এবং তার থেকে বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যের বিষয় কেউ হতাহত হয়নি এবং তেমন কোনও আর্থিক ক্ষতিও হয়নি। অপর মর্টারটি অবশ্য পড়েছে ওই জেলারই উঁচু তৃণভূমিতে। সেটি তবে ফাটেনি। কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রবিবার সকাল থেকে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হলে ওই দুই দেশেরই বিদেশমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাওয়াদ জারিফ। তিনি আর্মেনিয়া ও আজারবাইজনকে অবিলম্বে যুদ্ধবিরতি করে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন।

১৯৮০’র দশকের শেষদিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। তারপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগে পর্যন্ত সংঘর্ষে ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়ার সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বংশোদ্ভূতরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *