শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

বলিভিয়ার প্রেসিডেন্টের কাছে নিজের পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া

কমিউনিটি নিউজ ডেস্ক: ব্রাজিলে লাতিন আমেরিকায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা লাপাজে অবস্থিত গ্র্যান্ড পিপলস হলে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আর্সে কাতাকোরার কাছে পরিচয়পত্র পেশ করেছেন। ফয়জুননেসা ব্রাসিলিয়ার দূতাবাসে নিযুক্ত থেকে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে বলিভিয়ার দায়িত্ব পালন করবেন।

গত সোমবার এ পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট আলবার্তোর সঙ্গে রাষ্ট্রদূতের এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত ১৯৭০-এর সাধারণ নির্বাচন, গণহত্যা, গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের অভ্যূদয়ে শেখ মুজিবুর রহমানের অবদান প্রেসিডেন্ট আলবার্তোকে অবহিত করেন।

ল্যাটিন আমেরিকার কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে বঙ্গবন্ধুর বন্ধুত্ব ও ফিদেল কাস্ত্রো কর্তৃক বঙ্গবন্ধুর হিমালয়সম তুলনা জেনে আলবার্তো আবেগতাড়িত হন এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন।

এসময় তিনি জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন ফোরামে বাংলাদেশ ও বলিভিয়ার সহযোগিতা তুলে ধরেন।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের কথা জানান। এসময় বলিভিয়ার ভাইস-মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স এরউইন ফ্রেডি মামানি মাচাকা উপস্থিত ছিলেন।

আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যে বলিভিয়ার প্রেসিডেন্ট অভিভূত হন।

তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ও বলিভিয়া উন্নয়ন-সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। রাষ্ট্রদূত তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং অনতিবিলম্বে বাংলাদেশ সফরের অভিপ্রায় ব্যক্ত করেন।

বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের ঘনিষ্ট অংশীদার বলিভিয়ার সঙ্গে ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রদূত উভয়ই সম্মত হন। বিশেষ করে ওষুধ রপ্তানি, গার্মেন্টস ও নিটওয়্যার, প্লাস্টিক ও চামড়াজাত পণ্যে সম্ভাবনাময় বলিভিয়ার বাজার সম্প্রসারণে রাষ্ট্রদূত কাজ করার আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বলিভিয়ার প্রেসিডেন্টকে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের লোকশিল্পের নিদর্শন হিসেবে নকশীকাঁথা উপহার দেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *