শিরোনাম
বৃহঃ. মার্চ ৫, ২০২৬

বসুন্ধরাতেই থাকছে স্টার সিনেপ্লেক্স

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলেই থাকছে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা গ্রুপের সঙ্গে ভাড়ার চুক্তি শেষ হওয়ায় স্টার সিনেপ্লেক্স আর সেখানে থাকছে না, এমন সিদ্ধান্ত হয়েছিল। পরে বসুন্ধরা ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, বসুন্ধরাতেই থাকছে দেশের প্রথম মাল্টিপ্লেক্সটি।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, বসুন্ধরার সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন হতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্টার সিনেপ্লেক্স আগের মতোই সেখানেই থাকছে। আমরা চুক্তি নবায়ন করতে যাচ্ছি।’

চলতি মাসের গোড়ার দিকে জানা যায়, বসুন্ধরার সঙ্গে ভাড়ার চুক্তি শেষ হওয়ায় সেখানে থাকছে না দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালকসহ সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। সেই সূত্র ধরে ফের আলোচনায় বসেন বসুন্ধরা ও স্টার সিনেপ্লেক্সের কর্তাব্যক্তিরা। অবশেষে বসুন্ধরা সিটি শপিং মলেই স্টার সিনেপ্লেক্স থাকার সিদ্ধান্ত আসে।

২০০৪ সালে স্টার সিনেপ্লেক্সের পথচলা শুরু হয় রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। এখন রাজধানীতে তাদের আরও তিন জায়গায় মাল্টিপ্লেক্স রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার ও মহাখালীর এসকেএস টাওয়ারে দুটি শাখার পাশাপাশি মিরপুরে আরেকটি মাল্টিপ্লেক্স উদ্বোধনের অপেক্ষায়।

দেশের প্রথম সিনেপ্লেক্স হওয়ায় দর্শক ও সিনেমাসংশ্লিষ্ট মানুষের কাছে অল্পতেই জনপ্রিয় হয়ে ওঠে স্টার সিনেপ্লেক্স। তাই এটি বন্ধ হওয়ার ঘোষণায় বেশ আশাহত হয়ে পড়েন সিনেমাপ্রেমীরা। এই প্রতিক্রিয়া দেখে দর্শক ও সিনেমাসংশ্লিষ্ট মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান, পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন বসুন্ধরা কর্তৃপক্ষকেও। তিনি বলেন, ‘১৬ বছরের পথচলায় বসুন্ধরা কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা বরাবরই অনুপ্রাণিত করেছে আমাদের। ভবিষ্যতেও এই সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে অশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত দর্শক, শুভানুধ্যায়ীকে, যাঁদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স থাকবে না জেনে দর্শকদের যে প্রতিক্রিয়া দেখেছি, তাতে আমি অভিভূত।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *