২০১৪ সালের জুন মাস। মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি বাংলাদেশ-ভারত। বাংলাদেশকে খুব একটা পাত্তা না দিয়ে ভারত তাদের ‘বি’ টিম পাঠিয়েছে। দলে বড় তারকা বলতে একমাত্র সুরেশ রায়না। ওই ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হয় তাসকিন আহমেদের। তরুণ পেসারের গতির তোড়ে ভারত মাত্র ১০৫ রানে অল-আউট হয়ে যায়। ২৮ রানে ৫ উইকেট তুলে নেন তাসকিন। কিন্তু তার পরের ঘটনা ভীষণ মর্মান্তিক!
তখন ফুটবল বিশ্বকাপ চলছিল। বাংলাদেশের নিশ্চিত জয় ধরে নিয়ে সবাই বিশ্বকাপ ফেলে ক্রিকেট ম্যাচটি দেখছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, এই ম্যাচটি বেশ বড় ব্যবধানেই হেরেছিল পূর্ণ শক্তির বাংলাদেশ দল! ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের একাই ধসিয়ে দিয়েছিলেন স্টুয়ার্ট বিনি। এর আগে তিনি কোনো আন্তর্জাতিক উইকেট পাননি। বাংলাদেশকে মাত্র ৫৮ রানে অল-আউট করা সেই স্টুয়ার্ট বিনি এখনও সেই দিনের কথা ভুলতে পারেন না।
সম্প্রতি এক সাক্ষাতকারে স্টুয়ার্ট বিনি বলেছেন, ‘ সত্যি বলছি, এখনো সেদিনের ভিডিও দেখলে গায়ে কাঁটা দেয়। এর চেয়ে ভালো দিনের আশা করা যায় না। সেদিন আমাদের রান বেশি ছিল না এবং প্রথম বল থেকে চাপে ছিলাম। উইকেট খুব একটা খারাপ ছিল না কিন্তু বৃষ্টির কারণে বারবার খেলা থামাতে হয়েছিল। বারবার মাঠ ঢাকতে হয়েছিল। উইকেট কিছুটা আর্দ্র ছিল এবং সেটা আমার বোলিংয়ের সঙ্গে একদম মানিয়ে যায়। এর চেয়ে ভালো উইকেটের আশা করতেও পারি না আমি।’
সেই ম্যাচে মুশফিককে দিয়ে শুরু করেছিলেন বিনি। এরপর সাকিব বিদায় নিলে ৬ রানের মধ্যে বাংলাদেশের শেষ ৫ উইকেট ‘নাই’ হয়ে যায়! অবিশ্বাস্যভাবে ম্যাচটা জিতে যায় ভারত। তবে এমন পারফর্মেন্স করেও ক্যারিয়ার বড় করতে পারেননি স্টুয়ার্ট বিনি। এটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা অর্জন। ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ২৩টি। এর মধ্যে ১১ ওয়ানডেতে শিকার করেছেন ১৪ উইকেট।

