কলকাতায় বুধবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিকেলে মেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মিষ্টি পেয়ে খুশি হন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু মিষ্টি পাঠিয়েছেন। আমি সেই মিষ্টি অনেককেই পাঠিয়েছি। এর মধ্যে হলুদ মিষ্টিটা দারুণ। সেই মিষ্টি খেয়ে সবাই খুশি। তারা বলেছে, এর স্বাদ ভিন্ন।’
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের নতুন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ওই মিষ্টি গোপালগঞ্জের। ভোরে বানিয়ে দিনে দিনেই সেটা কলকাতায় পাঠানো হয়েছে। এ সময় বাণিজ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যের খোঁজখবর নেন মমতা।
মঙ্গলবারের বৈঠকে বাংলাদেশের শিল্প–বাণিজ্য নিয়ে মমতার সঙ্গে কথা বলেন টিপু মুনশি। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের নানা অবদান নিয়ে কথা হয়। আলোচনা হয় দুই দেশের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ এবং সীমান্তের অবকাঠামোর উন্নয়ন নিয়ে। এ সময় বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র ও রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত দুই বছর করোনার কারণে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বুধবার কলকাতার নিউ টাউন কনভেনশন হলে সম্মেলন উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে যোগ দিতে কলকাতায় আসছেন দেশ–বিদেশের শিল্পপতিরা।

