এক-দু’হাজার টাকা নয়, এক ধাক্কায় কোটি কোটি টাকা ঢুকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বিহারের দুই স্কুল ছাত্রের অ্যাকাউন্টে এমন ভূতুড়ে ঘটনায় রীতিমতো তাজ্জব গোটা গ্রাম। ৯০০ কোটির বেশি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে খবর। চিনা মাঞ্জায় মৃত্যুফাঁদ, পুজো এলেই অবাধ বিক্রি, দোকানে দোকানে ঘুরে নজর রাখছে পুলিশ ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার পাস্তিয়া গ্রামে।
দুই ছাত্রের নাম গুরুচন্দ্র বিশ্বাস এবং অসিত কুমার। তারা স্থানীয় স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়েছিল অ্যাকাউন্টের ব্যালান্স চেক করতে। তাদের অ্যাকাউন্টে সরকারি টাকা ঢোকার কথা ছিল। স্কুলের ইউনিফর্ম কেনার জন্য টাকা দেয় বিহার সরকার। কিন্তু সেই টাকা এসেছে কিনা দেখতে গিয়েই চমকে ওঠে তারা। দেখা যায় গুরুচন্দ্র বিশ্বাসের অ্যাকাউন্টে এসেছে ৬০ কোটি টাকা। আর অসিত কুমারের অ্যাকাউন্টে একবারে ৯০০ কোটি টাকা ঢুকেছে। ঘটনার কথা শুনে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার মনোজ গুপ্ত সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন। তিনি ওই টাকা তোলা আপাতত বন্ধ করে দিয়েছেন। কীভাবে এত টাকা দুই ছাত্রের অ্যাকাউন্টে চলে এল, কোত্থেকেই বা এল, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। শীর্ষ কর্তাদেরও খবর দেওয়া হয়েছে।
বিহারে এমন ঘটনা নতুন নয়। এর কিছুদিন আগেই রণজিত দাস নামের জনৈক গৃহ শিক্ষকের অ্যাকাউন্টেও আচমকা ঢুকে গিয়েছিল সাড়ে ৫ লক্ষ টাকা। ব্যাঙ্কের ভুলের জন্যেই এমনটা হয়েছিল। তবে তিনি টাকা ফেরত দিতে চাইছিলেন না। তাঁর বক্তব্য ছিল, কোভিড আবহে সরকার থেকে এই টাকা তাঁকে পাঠানো হয়েছে। দ্য ওয়াল ব্যুরো

