শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

বিহার ভোটে দেবেন্দ্র ফড়নবিশকে দায়িত্ব দিল বিজেপি, আসন বণ্টন নিয়ে কাটেনি জট

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি-র ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মঙ্গলবারই ফড়নবিশ দাবি করেছিলেন, বিহারের বিধানসভা নির্বাচনে বিরোধীদের মহাজোটের থেকে অনেকটাই এগিয়ে আছে বিজেপি-র নেতৃত্বাধীন জোট। তার পরের দিনই সরকারি ভাবে তাঁকেই বিহার নির্বাচনে দলের তরফে দায়িত্ব দিল বিজেপি।

আগামী ২৮ অক্টোবর থেকে তিন দফায় নির্বাচন হতে চলেছে বিহারে। তবে নির্বাচনের আগে বিহারে বিজেপি-র সবথেকে বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জোট শরিক এলজেপি। দ্রুত আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে বিজেপি-কে চাপ দিচ্ছে তারা। এ দিনই বিহারের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২৪৩ আসনের বিহার বিধানসভায় কোন ফর্মুলায় আসন সমঝোতা হবে, তা নিয়েও আলোচনা হয়। ওই বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ ছাড়াও অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভুপেন্দ্র যাদব।

গত কয়েক সপ্তাহ ধরেই বিহার নির্বাচন নিয়ে বিজেপি-র অভ্যন্তরীণ বৈঠকগুলিতে অংশ নিচ্ছিলেন ফড়নবিশ। এমন কি, বেশ কয়েকবার বিহার সফরেও গিয়েছেন তিনি। রাজ্য বিধানসভা নির্বাচনগুলি সামলানোর জন্য সাধারণত সিনিয়র নেতাদেরই দায়িত্ব দেয় বিজেপি।

তবে বিহারে জোট শরিক এলজেপি-র ক্ষোভ প্রশমন করাই ফড়নবিশের কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ বিজেপি নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে এগোতে চাইলেও এলজেপি-র চিরাগ পাসোয়ান তাঁর প্রবল বিরোধী। নীতীশ সহ জেডিইউ নেতাদের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও খোদ বিজেপি সভাপতিকে দিয়ে এসেছেন তিনি। এই পরিস্থিতিতে চিরাগকে বশে এনে ফড়নবিশ বিজেপি-কে বিহারে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেন কি না, আগামী ১০ নভেম্বর তা জানা যাবে। কারণ সেদিনই বিহারে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *