বাংলাদেশের প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্বা কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর আগে তিনি বার্ধক্য জনিত অন্যান্য শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে- বন্যা ও ঊর্মি লোহানী, আর ছেলে সাগর লোহানীকে রেখে গেছেন। তার স্ত্রী দীপ্তি লোহানী বেশ কয়েক বছর আগে মারা গেছেন।
একুশে পদক পাওয়া প্রগতিশীল রাজনীতি, সাংবাদিকতা ও সংস্কৃতির প্রেরণা কামাল লোহানীর মৃত্যুতে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, ‘কামাল লোহানী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের একুশে পদকপ্রাপ্ত একজন বরেণ্য সাংবাদিক এবং বুদ্ধিজীবী, যার কন্ঠ দিয়ে প্রথম প্রচারিত হয়েছিল জাতীয় মুক্তিযুদ্ধের বিজয়ের সংবাদটি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের প্রগতিশীল সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে যে শুন্যতা সৃষ্টি হলো, তা সহজে পুরণ হবার নয়।’
যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

