দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনারের হাত ঘুরে নবান্নতে খামবন্ধ চিঠিটি শনিবারই পৌঁছেছে। ওড়িশা, আসাম, বিহার এবং বাংলাকে মোদি সরকার সতর্ক করে দিয়েছে যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশ্লেষণ জানাচ্ছে, আগামী কয়েক সপ্তাহে রাজ্যতে করোনা ব্যাপক প্রভাব ফেলতে পারে। রাজ্য যেন সতর্ক থাকে।
বস্তুত, বাংলায় শনিবারই করোনা আক্রান্তের সংখ্যা দু’ হাজার ছাড়িয়ে গেছে। প্রকৃত সংখ্যাটি হল দু’ হাজার একশো আটানব্বই। কলকাতায় শনিবার আক্রান্ত ছ’ শো আটচল্লিশ জন। রাজ্যে মোট সংক্রমিত চল্লিশ হাজার দুশো ন’ জন। শনিবার সাতাশ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এরমধ্যে বারোজন কলকাতার।
রাজ্যে শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা এক হাজার ছিয়াত্তর। রাজ্যে করোনার বিস্তৃতি সম্পর্কে মোদি সরকার রাজ্য সরকারকে চেতাবনি দিলেও মমতা সরকারের সাফ বক্তব্য করোনা নিয়ে ঘৃণ্য রাজনীতি বন্ধ করুক মোদি সরকার। রাজ্যকে করোনা- যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র দেয়া হোক আগে।

