আসাম নিউজ ডেস্ক: অসমে সরকারী স্কুলগুলিতে মাধ্যমিকের ফলাফল নিয়ে ক্ষোভ প্ৰকাশ রাজ্য শিক্ষা বিভাগের । অসমে সরকারী স্কুলগুলিতে এবছর মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল হয়নি। তাই রাজ্যের ১০২ টি সরকারী স্কুলের প্ৰধান শিক্ষক তথা স্কুল প্ৰধানকে শোকজ নোটিশ ধরিয়ে দিল অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ। শূন্য উত্তীর্ণ এবং ১০ শতাংশের চেয়েও কম উত্তীর্ণ স্কুলের প্ৰধানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না সেই সম্পর্কে আগামী ৭ দিনের মধ্যে জবাবদিহি করার নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা বিভাগ। মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে শূন্য শতাংশ উত্তীর্ণ ২৫ টি স্কুল, ১০ শতাংশের ও কম ছাত্ৰছাত্ৰী উত্তীর্ণ হওয়া ৭০ টি স্কুল এবং ১০ শতাংশ উত্তীর্ণ ৭টি স্কুলের মোট ১০২ টি স্কুলে এই নোটিশ দেওয়া হয়েছে। স্কুলগুলিতে শিক্ষাগত মান নিম্নমানের হওয়ার কার্যকারণগুলি পর্যবেক্ষণ করে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য শিক্ষা বিভাগকে জানাতে হবে।
রাজ্য শিক্ষা পর্ষদের মতে কাছাড় জেলার ১৪ টি সরকারী স্কুলে শিক্ষাগত মান নিম্নমানের। এরপরই কার্বিআংলংয়ে ১৩ স্কুল, গোয়ালপাড়ায় ৯ টি সরকারী স্কুলে শিক্ষাগত মান নিম্নমানের ফলাফল ভালো হয়নি। এরপর যোরহাটে ৮টি, কামরূপ (মেট্ৰো) ৬টি, ধুবড়ি জেলায় ৬টি, পশ্চিম কার্বি আংলংয়ে ৫টি, করিমগঞ্জে ৪টি সরকারী স্কুলের ফলাফল নিম্ন থেকে অতি নিম্ন মানের হয়েছে। এরপর বরপেটা, বঙাইগাঁও, চিরাং, গোলাঘাট এবং নগাঁও প্ৰত্যেকটি জেলায় ৩ টি করে স্কুলের মাধ্যমিকের ফলাফল খুবই খারাপ হয়েছে। এরপর চরাইদেউ, ডিব্ৰুগড়, কামরূপ, লখিমপুর, সাউথ শালমারা, তিনসুকিয়া এবং ওদালগুড়ি জেলায় ক্ৰমে ২ টি করে সরকারী স্কুলে ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল নিম্নমানের হয়েছে।

