স্টাফ রিপোর্টার, কলকাতা: ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৭ জুলাই রাজ্যের সর্বত্র পেট্রল পাম্প থেকে তেল তোলা বন্ধ রাখা হবে। প্রতি সপ্তাহের সোমবার করে তেল নেওয়া বন্ধ করবে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের অধীনে থাকা ৩৫ হাজার বাস।
অতিরিক্ত অর্থ ব্যয় করতে সরকার পেট্রোল এবং ডিজেলের উপর শুল্ক আরোপের পরপরই মার্চের মাঝামাঝিতে পেট্রোল ডিজেলের দাম পরিবর্তিত হতে শুরু করে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর প্রক্রিয়াটি ৭ জুন থেকে শুরু হয়েছে। সেই মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পেট্রপণ্যের দাম কমাতে হবে। না হলে পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত লাখ লাখ শ্রমিক-মালিক বেঘোরে মারা যাবেন। বাস মালিকদের অন্যান্য সংগঠনগুলিকেও এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তপনবাবু। তাঁর দাবি, ‘অবিলম্বে বাসভাড়া বাড়ানো হোক। নয়তো যাত্রী বহনের নিষেধাজ্ঞা তোলা হোক। এই পরিস্থিতি জারি থাকলে আমাদের এই আন্দোলন চলবে।’
তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সবক’টি সংগঠন মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা প্রতি সোমবার ডিজেল কিনবো না। ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। কিন্তু বাসভাড়া বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। এভাবে চললে আমরা দেউলিয়া হয়ে যাবো।’
একই সুরে দিল্লির বিরুদ্ধে গলা চড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসুর কথায়, গত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার পেট্রপণ্যের দাম লাগামছাড়া ভাবে বৃদ্ধি করেছে। সেইসঙ্গে বিমার খরচ ও ব্যাঙ্ক লোনের কোপ পড়ছে। এই শিল্পকে বাঁচাতে মোদী সরকারের কাছে বিশেষ প্যাকেজ দাবি করেছেন তিনি।
অন্যদিকে, বাসের বিমার খরচ ও ব্যাঙ্ক লোনের কিস্তি সংক্রান্ত অসন্তোষের প্রতিবাদে আগামী ৪ আগস্ট রাজ্যের সমস্ত ব্যাঙ্ক ও বিমা অফিসে স্মারকলিপি পেশ করবে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সদস্যরা।

