শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে বব ডিলানের বিরুদ্ধে মামলা

যৌন হয়রানির অভিযোগে নোবেলজয়ী মার্কিন গীতিকবি ও শিল্পী বব ডিলানের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। তাঁর অভিযোগ, ১৯৬৫ সালে ১২ বছর বয়সে ডিলান তাঁকে একাধিকবার যৌন হয়রানি করেছিলেন। যদিও বব ডিলান এ অভিযোগ অস্বীকার করেছেন।

মামলায় ওই নারী অভিযোগ করেছেন, তারকাখ্যাতিকে পুঁজি করে মাদক সেবন করিয়ে ডিলান তাঁকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন, এমনকি শারীরিক নিগ্রহের হুমকিও দিয়েছেন। নিউইয়র্কের চেলসি হোটেলে ডিলানের তৎকালীন অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে।

ডিলানের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ওই নারীর ৫৬ বছর আগের এই দাবি সম্পূর্ণ মিথ্যা, আইনানুগভাবে এই মিথ্যা অভিযোগ মোকাবিলা করা হবে।

অভিযুক্ত ৬৮ বছর বয়সী ওই নারী এখন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যে থাকেন। তাঁর দাবি, বব ডিলানের ওই কাণ্ডে তিনি মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে বিভীষিকাময় জীবন যাপন করছিলেন। অপূরণীয় এ ক্ষতির বিচার চান তিনি। অভিযুক্তের মতে, বব ডিলান জোর–জবরদস্তি, যৌন অপরাধ এবং আইনবহির্ভূত কাজ করেছিলেন, যাতে তাঁর কোনো সম্মতি ছিল না। এ ঘটনায় তিনি গুরুতর মানসিক যন্ত্রণা, অপমান এবং বিব্রত হওয়া ছাড়াও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন।

শুক্রবার নিউইয়র্কের সুপ্রিম কোর্টে রাজ্যের শিশু নির্যাতন আইনে তাঁর অভিযোগটি গ্রহণ করা হয়। অতীতে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনায় মামলা করার আইন ‘লুক ব্যাক উইন্ডো’ বাতিল হয়ে যাওয়ার ঠিক এক দিন আগে এ মামলা করা হলো।

বব ডিলানের আসল নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। ষাটের দশকের ক্যারিয়ারে বিশ্বে বিক্রি হয় তাঁর সাড়ে ১২ কোটির বেশি অ্যালবাম। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ব্লোয়িন ইন দ্য উইন্ড’, ‘লাইক আ রোলিং স্টোন’, ‘নকিং অন হ্যাভেনস ডোর’। গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোবজয়ী এ শিল্পী সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন। ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *