কলকাতা: সারা দেশের মতো বাংলাতেও করোনার দাপট অব্যাহত। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৬ জন এবং কলকাতায় ৩৮ জন মারা গিয়েছেন। এরফলে কলকাতায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯,৪২৮ জন। উত্তর ২৪ পরগনায় ফের ৪ হাজারের বেশি নতুন করে সংক্রমিত হয়েছেন। অন্য দিকে, কলকাতায় ১ দিনে ৩ হাজার ৭০০-র বেশি সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। গত কয়েক দিনে নতুন আক্রান্তের সংখ্যা টানা ১৯ হাজারের বেশি থাকায় মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.১৩ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্য়ে সবথেকে বেশি সংক্রমিত দার্জিলিঙে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৪। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৫৮৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জনের।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম। সোমবার ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন আক্রান্ত হয়েছিলেন। নিঃসন্দেহে এটি কিছুটা স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা অবশ্য বেড়েছে। সোমবার যেখানে ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছিল সেখানে মঙ্গলবারের হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। তবে আশা জাগাচ্ছে দৈনিক সুস্থতার হার। সোমবারের তুলনায় সুস্থতার হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সুস্থতার হার এদিন দৈনিক সংক্রমণের থেকে বেশি তো অবশ্যই। তাছাড়া এদিন সুস্থতার সংখ্যা পেরিয়েছে ৪ লক্ষের গণ্ডি। সোমবার ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছিলেন। আর মঙ্গলবারের রিপোর্ট বলছে সুস্থতার সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন।

