শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

রীভা আউট, ভারতের নতুন হাইকমিশনার বিক্রম

এক বছরের ব্যবধানে আবারও প্রতিবেশি বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ দিল ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন। রীভা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে পদোন্নতি পেয়ে নয়াদিল্লী ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানায়।

খুব শিগগিরই কায় দোরাইস্বামী কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার। বিক্রম দোরাইস্বামী ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেছেন বিক্রম দোরাইস্বামী। সেখান থেকে তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে দোরাইস্বামী বেশ অভিজ্ঞ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার ডেস্কে তিনি যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বৈঠকে তিনি তার দেশের প্রতিনিধিত্ব করেছেন।

ভারতের তামিলনাড়ু অঞ্চলের দোরাইস্বামী সম্প্রদায়ের বিক্রম হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও জানেন। কারণ তার স্ত্রী একজন বাঙালি।

ঢাকা ছাড়ার প্রস্তুতিও এরই মধ্যে নিতে শুরু করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। ঈদের আগে ২৮ জুলাই তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। গত ৬ আগস্ট তিনি বিদায়ী সাক্ষাৎ করেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে। এর ধারাবাহিকতায় ১০ আগস্ট সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন রীভা।

গত বছরের মার্চে রীভা গাঙ্গুলী বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। রীভার আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে তিনি আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। গত জানুয়ারি থেকে তিনি ভারতের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *