আরাকান নিউজ ডেস্ক: রোহিঙ্গারা কখনই ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না, তাদের নিজেদের দেশে ফের পাঠানো হবে। জানিয়ে দিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
বৃহস্পতিবার অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, আমি স্পষ্ট করতে চাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কার জানিয়েছে, রোহিঙ্গা অবৈধ অভিবাসীরা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে না। তাদের ফেরত পাঠানো হবে; কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ জন্য আলোচনা করছে। এটি শেষ বিবৃতি।
অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, এখানে বসবাসকারী এবং অবৈধ অভিবাসী রোহিঙ্গাদের বিনামূল্যে জল, বিদ্যুৎ, রেশন দেওয়া হয়; এখন দিল্লি সরকার তাদের বিনামূল্যে ফ্ল্যাটও দিচ্ছিল… তারা আবার মিথ্যা বলেছে, কেন তিনি (অরবিন্দ কেজরিওয়াল) ডিটেনশন কেন্দ্রগুলি প্রস্তুত করতে পারেননি?
দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেছেন, তাঁরা (দিল্লি সরকার) ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করতেও প্রস্তুত। জাতীয় নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেমন আমরা আগেই বলেছি, এখানে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া হবে না; তাদের দেশে ফেরত পাঠানোর জন্য বিদেশমন্ত্রক আলোচনা করছে।

