আরাকান নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং-২২ নম্বর ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সৈয়দুর রহমান (৩২)। তিনি একই ক্যাম্পের বাসিন্দা হামিদুর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী সাজেদা বেগমকে আটক করেছে পুলিশ। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই সৈয়দুর ও তাঁর স্ত্রী সাজেদার মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল দুপুরে নামাজের পর সৈয়দুর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বিকেল চারটার দিকে সৈয়দুর বিকট শব্দে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় সৈয়দুর পড়ে আছেন। এ সময় সাজেদা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে আটক করে পুলিশকে খবর দেন।
এদিকে গুরুতর আহত অবস্থায় সৈয়দুরকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এপিবিএনের সদস্যরা সাজেদাকে টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক সাজেদাকে আজ শনিবার দুপুরের কক্সবাজার আদালতে পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করেছে।

