শ্রীলঙ্কায় জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ চলছিল গত কিছুদিন ধরে। দেশটির পুলিশ মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য গুলিবর্ষণ করে। এতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। চরম অর্থনৈতিক সংকটে পড়ে জনগণ সরকার পতনের দাবিতে বিক্ষোভ করে। প্রথমবারের মতো এখানে নিহতের ঘটনা ঘটেছে। পুলিশের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, জ্বালানির তীব্র সংকট ও এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (১৯ এপ্রিল) মধ্য শ্রীলঙ্কার রামবুক্কানায় একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এদিন টায়ার জ্বালিয়ে রাজধানী কলম্বোতে যাওয়ার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
কেগালে টিচিং হাসপাতালের পরিচালক মিহিরি প্রিয়াঙ্গানি বলেছেন, রামবুক্কানা শহরের কেন্দ্রীয় শহরে বিক্ষোভকারীদের এবং পুলিশের মধ্যে সংঘর্ষের পর অন্তত একজন বিক্ষোভকারী নিহত হয় এবং ১২ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজন গুরুতর অবস্থায় রয়েছে।
প্রিয়াঙ্গানির বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহত ব্যক্তিকে সম্ভবত গুলি করা হয়েছে। আমরা প্রাথামিকভাবে গুলি লাগার সন্দেহ করছি। কিন্তু মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য ময়নাতদন্ত প্রয়োজন।
পুলিশ মুখপাত্র নলিন থালডুয়া বলেছেন, পুলিশ বিক্ষোভকারীদের একটি প্রধান রেললাইন থেকে সরে যেতে বলার পরেও তারা ঘন্টার পর ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছিল। এ নিয়েই মূলত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়।
তিনি আরো বলেন, ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা দিতে হাসপাতালে পাঠানো হয়েছে।

