সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে হাইকোর্টের রুল জারি করা হয়েছে। সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর প্রতি বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ এ রুল রুল জারি করেন। এসময় আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির আগে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আতোয়ার রহমানের বলেন, আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনব।
সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী গণমাধ্যমকে বলেন, নারী দিবস উপলক্ষে আদালত বলেছেন, আমরা নারী আইনজীবীদের মামলা আজ আগে শুনব। নারী আইনজীবীদের মামলা শুনানি শেষে কোর্টের সময় থাকলে পুরুষ আইনজীবীদের মামলা শুনব।
রাষ্ট্রপক্ষে আজ দুই নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মৌদুদা বেগম মলি ও হাসিনা মোমতাজকে শুনানি করতে বলা হয়েছে বলেও জনান তিনি।

