জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনিই একমাত্র নায়ক, যার নামে প্রেক্ষাগৃহে সিনেমা বুকিং হয়। এজন্য তার পারিশ্রমিকটাও সবার চেয়ে বেশি। কিন্তু শাকিব অভিনীত সর্বশেষ সিনেমা ‘বীর’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে।
প্রশ্ন উঠেছে- চলচ্চিত্র বাণিজ্যের একমাত্র তারকা শাকিব খানও এখন প্রদর্শকদের ভরসার বাইরে চলে যাচ্ছেন কিনা? সবচেয়ে নির্ভরশীল তারকাও ঠেকাতে পারছেন না বাণিজ্যিক বিপর্যয়! শাকিব অভিনীত মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমা দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এই তালিকার সর্বশেষ নাম ‘বীর’। সিনেমাটি নির্মাণ করেন কাজী হায়াৎ। ‘বীর’-এর ব্যর্থতার সব দায় তিনি নিজের কাঁধে নিয়েছেন।
কাজী হায়াৎ বলেন, ‘সাধারণত আমার সিনেমায় দর্শক কাঁদে, সেন্টিমেন্ট থাকে। কিন্তু এই সিনেমায় পরিপূর্ণ সেন্টিমেন্ট দর্শক হৃদয় স্পর্শ করতে পারেনি। হৃদয়ে আঘাত দিতে পারিনি। এই সিনেমার গল্প হৃদয়ে লাগার মতো ছিল না।’
তিনি আরো বলেন, ‘কেন ছিল না এই কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি পেছনের কথা বলে কাউকে ছোট করতে চাই না। বড়ও করতেও চাই না। তবে আমি পরিনি, সব দোষ আমার।’
নন্দিত নির্মাতা কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। গত ১৪ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পায় এটি। শাকিব খান ও শবনম বুবলি অভিনীত এ চলচ্চিত্র দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

