শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ বেড়ে গেছে : জি এম কাদের

আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ এবং অনাচার-অবিচার বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেছেন, দেশের খুন ও ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

সোমবার দলের বনানী অফিস মিলনায়তনে নবগঠিত সাংস্কৃতিক পার্টির পরিচিতি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়, আর সে কারণেই অপরাধ প্রবণতা বেড়ে যায়। আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে বলেই মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণের প্রতিবাদ জানাতে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এর চেয়ে লজ্জার কিছু নেই।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, লালমনিরহাটে বুড়িমারী এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে আশ্রয় চেয়েও বাঁচতে পারেনি সে। যদি ছেলেটি অপরাধী হয় সেজন্য দেশে আইন আছে- তাকে আইনের মুখোমুখি করা যেত। অপরাধ প্রমাণ হলে প্রচলিত আইনেই তাকে শাস্তি দেওয়া যেত।

জি এম কাদের বলেন, দেশে মানুষের জানমালের নিরাপত্তার অভাব স্পষ্ট। রাজপথে দুর্ঘটনায় মানুষের মৃত্যু যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকেই ব্যবস্থা নিতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *