বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ৪১৫ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি জানান, বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। গত কয়েক মাস আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। এক পর্যায়ে সৌদি ও বাংলাদেশের সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদেরকে দেশে ফিরিয়ে আনে। এই ৪১৫ বাংলাদেশির মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকও রয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ৪১৮ বাংলাদেশি দেশে ফিরেন।

