যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে তিনজন বাংলাদেশি যাত্রীকে ফিরিয়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) লন্ডন সময় সকাল পৌনে ৮টার দিকে একটি ফ্লাইট থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, ওই তিন যাত্রীর কাছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড ছিল।
বাংলাদেশিদের কেন ফিরিয়ে দেওয়া হলো—এর সুনির্দিষ্ট কারণ জানায়নি কাতার এয়ারওয়েজ। তবে বিষয়টি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস সূত্র।
কাতার এয়ারওয়েজ এখন থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ডিক্লেয়ারেশন কার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে এয়ারওয়েজের একটি সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে হেলথ ডিক্লেয়ারেশন কার্ড নিয়েই বাংলাদেশি নাগরিকরা বিমান ভ্রমণ করে থাকেন।

