শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

২ মাস পর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠছে

বাংলাদেশ নিউজ ডেস্ক: ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে শনিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে। দীর্ঘ দুই মাস পর জেলেরা ইলিশ ধরার সুযোগ পাচ্ছেন। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

অভয়াশ্রমগুলো হচ্ছে, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা, ভোলার মদনপুর/চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা, শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা এবং বরিশাল জেলার হিজলা, মেদেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে জেলেরা ইলিশসহ অন্যান্য মাছ ধরতে পারবেন। এসব এলাকায় এতদিন মাছের আড়তগুলো ঝিমিয়ে পড়েছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে, আড়তদারদের আনাগোনা শুরু হবে। জেলেরা আশা করছেন, মাছ ধরে ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি ও ধারদেনা শোধ করতে পারবেন।

নিষেধাজ্ঞার সময়ে অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলায় এ সময় মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের ৮০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনেক জেলের ভাষ্য, নিষেধাজ্ঞার সময় সরকারের চাল সহায়তা তারা একেবারে শেষের দিকে পেয়েছেন। এতে কষ্টে কেটেছে তাদের দিন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *