শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

৫০ বছরে গণতন্ত্রসহ সব হারিয়েছে দেশের জনগণ: বিএনপি

পলিটিক্যাল ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে এসে জনগণ গণতন্ত্রসহ সব অর্জনকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আনা গণতন্ত্র হারিয়েছি’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব। তার আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বর্তমানে দেশে নির্বাচন ব্যবস্থা নেই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ তাদের মতামত প্রকাশ করতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে- এমন নির্বাচন ব্যবস্থা নেই দেশে। মানুষ ভোট দিতে পারে না।

স্বাধীনতার জন্য ত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন হয়নি। দেশের গণতন্ত্র বিলীন, একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। বিরোধীদলকে নির্মূল করে ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। একটি দেশ এভাবে চলতে পারে না, ফের সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, দেশকে মুক্ত করতে হবে।

বেগম খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার করে রাখা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না সরকার।

এ সময় বিএনপি নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *