শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

৬০ বছর রাজত্ব করেও কংগ্রেস অসমের জনতাকে স্বস্তি দেওয়ার মতো ভালো কাজ করতে পারেনি : মুখ্যমন্ত্ৰী

দেবযানী / সমীপ, গুয়াহাটি: অসমকে ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর অবদানের কথা অসমবাসী কখনও ভুলতে পারবেন না। ৬০ বছর ধরে রাজত্ব করেও কংগ্রেসের কোনও মন্ত্রী, বিধায়ক অসমের জনতাকে স্বস্তি দেওয়ার মতো কোনও ভালো কাজ করতে পারেনি। বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

বুধবার বিহপুরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী সভায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ বলেন, অসমীয়া জাতির কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, সাহিত্য ঐতিহ্য ও গৌরব রক্ষার জন্য অসম সরকারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিকভাবে সহায়তা করে আসছেন। তার ফলেই অসম দ্রুত উন্নতির দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। অসমে শান্তি ফিরে আসার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী তাঁদের অসমের জনতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

মুখ্যমন্ত্রী এদিন সরুপথারে বিজেপি প্রার্থী বিশ্বজিত্‍ ফুকনের হয়েও বিশাল নির্বাচনি সভায় অংশগ্রহণ করেন। ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারের শাসনকালে অসমের জনগণ বিভিন্ন প্রকল্পের দ্বারা সুফল লাভ করতে সক্ষম হয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, কংগ্রেসের শাসনকালে চাকরির জন্য ঘুষ দিতে হতো। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দরিদ্র পরিবারের মেধাবী প্রার্থীরা মেধার ভিত্তিতে চাকরি পেতে সক্ষম হচ্ছেন।

বিজেপি সরকার প্রত্যেক সম্প্রদায়ের মহান মনীষীদের রাজ্য পর্যায়ের সম্মান প্রদর্শন, শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান, পাকা রাস্তা নির্মাণ ইত্যাদির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপর আলোকপাত করেন। তিনি বলেন, কংগ্রেস এবং এআইইউডিএফ ক্ষমতা লাভের জন্য আজ একত্রিত হয়েছে। এই দুই দলের লক্ষ্য হয়েছে বাংলাদেশের মানুষ এনে অসমে সংস্থাপিত করা। অসমের জনগণকে সম্মিলিতভাবে এর বিরোধিতা করার আহ্বান জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী দেরগাঁও, মাজুলির কয়েকটি নির্বাচনি সভায় অংশগ্রহণ করে ভাষণ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *