শিরোনাম
মঙ্গল. এপ্রি ৭, ২০২৬

আসামে ফের বন্যার প্রকোপ, দুর্গত প্রায় আড়াই লক্ষ

ফের বন্যার প্রকোপ অসমে। বর্ষার চলতি মরশুমে এই নিয়ে তৃতীয় বার বন্যা মুখোমুখি হল রাজ্যটি। নতুন করে এই বন্যায় এখনও পর্যন্ত দুর্গত ২ লক্ষ ২৫ হাজার মানুষ। একজনের মৃত্যু হয়েছে।

গত এক সপ্তাহ ধরেই প্রবল বৃষ্টি হচ্ছিল অসমে। এর জেরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে পাওয়া তথ্য জানা গিয়েছে যে এই নতুন বন্যায় সব থেকে বেশি প্রভাব পড়েছে ধেমাজি, লখিমপুর, মারিগাঁও, নগাঁও, মাজুলি, পশ্চিম কার্বি আংলং, শিবসাগর, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলাগুলিতে।

জোরহাট আর সোনিতপুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। এ ছাড়া সোনিতপুরে বিপদসীমার ওপরে রয়েছে জিয়া ভরলি নদীও। নগাঁওতে বিপদসীমা অতিক্রম করেছে কপিলি নদী।

বন্যার তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ৯,৯৪৮ হেক্টর কৃষিজমি নষ্ট হয়েছে রাজ্যে। জল ঢুকে যাওয়ায় ২১৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত। দুর্গতদের স্থানান্তরিত করার জন্য ৪৩টি ত্রাণশিবির খোলা হয়েছে।

উল্লেখ্য, এ বছর বর্ষার আগে থেকেই বন্যার প্রকোপ চলছে অসমে। ঘূর্ণিঝড় উম্পুনের জেরে প্রবল বৃষ্টির কারণে বন্যার প্রথম ঢেউ আছড়ে পড়েছিল রাজ্যে। এর পর জুলাইয়ে সব থেকে ভয়াবহ দ্বিতীয় ঢেউটি হানা দেয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি, কাজিরাঙা-সহ বেশ কিছু জাতীয় উদ্যানও ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত তিন দফার বন্যায় রাজ্যে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *