বিহারে শেষ হল দ্বিতীয় দফা নির্বাচনের প্রচার। আগামী ৩ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ৯৪ আসনের জন্য। রাজ্যের মোট ১৭টি জেলা জুড়ে ছড়িয়ে আছে এই আসনগুলো। মোট ভোটকেন্দ্রর সংখ্যা ৪১,৩৬২। এই দফাতেই লড়াইয়ের ময়দানে আছেন আরজেডি-র তেজস্বী যাদব।
দ্বিতীয় দফার নির্বাচনে লড়াই করছেন আরজেডি প্রার্থী ৫৬ জন, এলজেপি ৫২ জন, বিজেপি প্রার্থী ৪৬ জন, জেডিইউ ৪৩ জন, আরএলএসপি ৩৬ জন, কংগ্রেস ২৪ জন, সিপিআই(এম) ও সিপিআই ৪ জন করে।
বিহারের দ্বিতীয় দফার নির্বাচনী ময়দানে ৯৪ আসনের জন্য প্রার্থী আছেন ১,৪৬৩ জন। মোট ভোটদাতার সংখ্যা ২.৮৬ কোটি। ১,৪৬৩ জন প্রার্থীর মধ্যে ১৪৬ জন মহিলা ও ১,৩১৬ জন পুরুষ। মোট ভোটারের ১.৫০ কোটি পুরুষ এবং ১.৩৫ কোটি মহিলা। তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৯৮০ জন।
দ্বিতীয় দফার ৯৪ আসনের মধ্যে ক্ষমতাসীন জেডি(ইউ)-র সঙ্গে আরজেডি-র সরাসরি লড়াই হচ্ছে ৪৩ আসনে। কংগ্রেসের সঙ্গে লড়াই হচ্ছে ১২ আসনে। অন্যদিকে বিজেপি যে ৪৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে ২৭ আসনে এবং ১২ আসনে যথাক্রমে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে।
তেজস্বী যাদব ছাড়াও দ্বিতীয় দফায় রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী লড়াইতে আছেন। আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব।
২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এই ৯৪ কেন্দ্রের মধ্যে ৭০ কেন্দ্রে জয়ী হয়েছিলো জেডি(ইউ)-আরজেডি-কংগ্রেস জোট। অন্যদিকে এনডিএ পেয়েছিলো ২০ আসন এবং রামবিলাস পাসোয়ানের এলজেপি পেয়েছিলো ২টি আসন।

