শিরোনাম
সোম. ফেব্রু ৯, ২০২৬

বাবা-মায়ের পাশেই সমাহিত মারাদোনা, ভক্তদের আটকাতে রবার বুলেট ছুড়ল পুলিশ

বুয়েনস আয়ার্সে সমাহিত করা হল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানীর একটি বেসরকারি সমাধিক্ষেত্রে ফুটবলের রাজপুত্রের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের সময় শুধুমাত্র মারাদোনার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন।

গত বুধবার দিয়েগো মারাদোনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে শোকে মূহ্যমান গোটা আর্জেন্টিনা। তিন দিনের জাতীয় শোক ঘোষণা হয়েছে দেশে। মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা। কেউ বা প্রিয় তারকার কফিনের উদ্দেশে ছুড়ে দিয়েছেন চুমু। মারাদোনার দশ নম্বর জার্সি পরেই ফুটবলের রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন অনেকে। তাঁর কফিন এক ঝলক দেখার জন্য বুয়েনস আয়ার্সের রাস্তায় মানুষের ঢল নেমেছিল।

আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং জাতীয় দলের হয়ে তাঁর পরা দশ নম্বর জার্সি দিয়ে ঢেকে রাখা হয়েছিল মারাদোনার কফিন। সাধারণ মানুূষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাখা ছিল কফিন। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইন পরেছিল।

এক সময় মানুষের লাইন এক কিলোমিটার পেরিয়ে গিয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আশঙ্কায় শেষে ভিড় আটকানোর চেষ্টা করে পুলিশ। এমন কী, মারাদোনা ভক্তদের আটকাতে টিয়ার গ্যাস এবং রবার বুলেটও ব্যবহার করতে হয় বলে খবর।

শেষ পর্যন্ত বাধ্য হয়েই মারাদোনার কফিন সরিয়ে নিয়ে শহরের প্রান্তে বেল্লা ভিস্তার একটি সমাধিস্থলের উদ্দেশ্যে নিয়েও যাওয়া হয়। সেখানে নিজের বাবা এবং মায়ের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয় ফুটবলের রাজপুত্রকে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *