শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

আল্লামা শফীর মৃত্যু নিয়ে মামলা, প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁমকি দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে হেফাজতের শীর্ষ আলেম জুনায়েদ আল হাবিব এ কথা বলেন।

জুনায়েদ আল হাবিব বলেন, ‘শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর মৃত্যু ছিল স্বাভাবিক, যা দেশবাসীর সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট। তাছাড়া আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর তার পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মাওলানা ইউছুফ এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষকবৃন্দ ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলেন।’

একটি কুচক্রিমহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে হেফাজতের এই যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি মহল আল্লামা আহমদ শফীর জীবদ্দশায় তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। তাকে ব্যবহার করে নিজেদের হীনস্বার্থ হাসিল করতে গিয়ে তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বর্তমানে তারা আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ফায়দা হাসিল করতে চাচ্ছে।’

উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্তমূলক এই মামলা জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফীর মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। শতবর্ষী একজন শীর্ষ আলেমের স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে দায়েরকৃত চক্রান্তমূলক মিথ্যা মামলা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আল্লামা আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছিল এটি একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে দীর্ঘদিন পর আজ নতুনভাবে মামলা দায়ের করা জাতির কাছে প্রত্যাখ্যাত হওয়া জনবিচ্ছিন্ন কিছু ব্যক্তির ষড়যন্ত্র বৈ কিছু নয়।’

হেফাজতের এ শীর্ষ আলেম বলেন, ‘অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে এবং এই মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হলে পরামর্শ সাপেক্ষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *