আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে। এ অবস্থায় এসে প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের টানাপোড়েন সৃষ্টি হচ্ছে এবং এই টানাপেড়েন প্রায় ক্ষেত্রেই শিষ্টাচার বিহির্ভূত অবস্থায় পৌঁছে যাচ্ছে।
আমরা দেখলাম যে, ফরিদপুরের জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির বিরোধ। আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা চেয়ারম্যানের বিরোধ। বিভিন্ন জায়গায় এমপিদের সঙ্গে জেলা প্রশাসকদের বিরোধ। সেই বিরোধের ধারা এখন চূড়ান্ত রুপ নিলো গতকাল শনিবার (০৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের ওপর হামলার ঘটনায়।
এর আগেও মন্ত্রণালয়গুলােতে সচিব-মন্ত্রীদের বিরোধের কথা বহুল আলোচিত ছিল। কিন্তু একজন সচিবকে আক্রমণ করা এবং সশস্ত্র ক্যাডার দিয়ে সচিবের ওপর আক্রমণ করার চেষ্টার ঘটনা একটি নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। এটিকে আমলা এবং জনপ্রতিনিধিদের বিরোধের একটি চূড়ান্ত রুপ বলেই মনে করা হচ্ছে।
আগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোতে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে বিচার দাবি করা হয়েছিল। এখন এই প্রভাবশালী জনপ্রতিনিধির সাথে প্রভাবশালী সচিবের বিরোধ, জনপ্রতিনিধি এবং আমলাদের বিরোধকে কোথায় নিয়ে যায় সেটিই এখন দেখার বিষয়।

