পূর্ব লন্ডনের সুপরিচিত দাতব্য সংস্থা ইষ্ট হ্যান্ডস করোনা ভাইরাস মহামারী ও চলমান কোভিড-১৯ টিকা কার্যক্রম নিয়ে কমিউনিটিতে সচেতনতা তৈরির জন্য কার্যকর প্রচারণার একটি কার্যক্রম হাতে নিয়েছে। ৬ মাস ব্যাপী এই কার্যক্রমে আর্থিক সহায়তা দিচ্ছে ন্যাশনাল লটারী কমিউনিটি ফান্ড।
মূলত করোনা ভাইরাস নিয়ে পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে সচেতেনতার অভাব থাকায় তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাওয়ার হার দেখা যাচ্ছে বলে মূল ধারার পত্রিকার প্রতিবেদনে ও সরকারের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন তথ্য উপাত্তে বলা হচ্ছে। এদিকে চলমান টিকা কার্যক্রম নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে ভুল প্রচারণা রয়েছে যার ফলে এখনো মানুষ টিকা নিতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। কমিউনিটির মানুষকে এই দুটি বিষয়ে সচেতন করার জন্যই ইষ্টহ্যান্ডস এই স্বল্প মেয়াদী কার্যক্রম হাতে নিয়েছে।
এ প্রসঙ্গে ইষ্ট হ্যান্ডসের চেয়ারম্যান জনাব নবাব উদ্দিন বলেন, তাদের এই কার্যকর কোভিড প্রচারণা মূলত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামে হলেও এই প্রচারণা থেকে সারা যুক্তরাজ্যের বাংলাদেশিরাই উপকৃত হবেন। এই কার্যক্রমে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় কর্মীরা অংশ নিবেন। ওয়েবিনারের মাধ্যমে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষকে যুক্ত করা হবে, বিভিন্ন তথ্যচিত্র, লিফলেট, বুলেটিন প্রকাশনা ইত্যাদির মাধ্যমে সচেতেনতা তৈরি করা হবে। বিশেষ প্রতিনিধি এমরান আহমেদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি

